রোকেয়া কবীর
মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি রক্তাক্ত অধ্যায়। ৩০ লাখ
শহীদ, ১ কোটি উদ্বাস্তু ও ৪ লক্ষাধিক নারী ধর্ষণের শিকার হবার ভিতর দিয়ে
আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র অর্জন করেছি। বাংলার নারী-পুরুষ মহান
মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল ১৯৭২-এ তার ভিত্তিতেই
রচিত হয়েছিল বাংলাদেশের সংবিধান, যে সংবিধান সুস্পষ্টভাবে
ধর্ম-গোষ্ঠী-বর্ণ-লিঙ্গ-জন্মস্থান নির্বিশেষে সকল মানুষের সমানাধিকার
সংরক্ষণ করেছে। মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ নারী-পুরুষ সমানাধিকার।
স্বাধীন বাংলাদেশে ধর্ম বা অন্য কোনকিছুর নামে এই অধিকার খর্ব করার কারও
কোনরকম সুযোগ নেই। কারণ, রাজাকার-আলবদর ও কিছু কুলাঙ্গার বাদে বিভিন্ন
ধর্মাবলম্বী নারী-পুরুষ ও আদিবাসী সম্প্রদায়, তথা জনগণের সকল অংশই
মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অশেষ কষ্টের বিনিময়ে এই দেশকে পাকিস্তানী
হানাদারবাহিনীর কবলমুক্ত করেছিল। ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তানের
ধর্মভিত্তিক রাজনীতিকে প্রত্যাখ্যান করেই এই বাংলাদেশের জন্ম।

